জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘসংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশের বিচক্ষণ মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে যা গণতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদে আসীন হয়েছি।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক