স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের নয়জনকে হারিয়ে বাকরুদ্ধ আশরাফুল রহমান জনি। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনায় তিনি তার পরিবারের নয়জন সদস্যকে হারান। এই দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হন।
ছোট ভাই সাব্বিরের বিয়েতে খুলনার কয়রায় গিয়েছিলেন জনি। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সবাই মাইক্রোবাসে উঠলেও জনি ছিলেন মোটরসাইকেলে। তাই প্রাণে বেঁচে গেছেন। তার চোখের সামনেই স্ত্রী ফারজানা সিদ্দিকা পুতুল ও তিন সন্তান আবু তালহা আলিফ, ইরাম ও রায়হানা রহমান নিহত হন। আরও নিহত হন বাবা, ভাই, বোন, ভাগনে-ভাগনি। আপনজনদের হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন জনি।
জনির মামা নেসারুল ইসলাম সবুজ বলেন, জনির স্ত্রীসহ তিন সন্তান মারা গেছে। পরিবারের মোট নয়জন মারা গেছেন। জনি কোনো কথাবার্তাই বলছে না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন, ঝিম দিয়ে থাকছেন, কখনও কখনও একটু একটু করে তাকাচ্ছেন। কিছুই বলতে ও করতে পারছেন না।
গতকাল নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। এর মধ্যে চার শিশু রয়েছে। তাদের মধ্যে দুই শিশুর বয়স দুই বছরের কম। নিহত হয়েছেন তাদের মায়েরাও।

আবু হোসাইন সুমন, মোংলা