হিলিতে অসহায়দের মাঝে সমাজকল্যাণ মন্ত্রীর সহায়তা প্রদান
দিনাজপুরের হিলিতে অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা প্রদান করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া চলাফেরায় অক্ষম দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার এবং একজনকে ট্রাই সাইকেল দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাকিমপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যেন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে মন্ত্রী হিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করে পরিবেশ সুরক্ষা কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম, হিলি