সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিআরটিএর অতিরিক্ত পরিচালক পলাশ খিসা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী এবং আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে বিআরটিএর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়, তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।
বক্তারা মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানান এবং সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ ব্যক্তির মধ্যে মোট এক কোটি ৯৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর