ইটভাটার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সীমান্তবর্তী এলাকায় একটি ইটভাটার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকস নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তার দম্পতির সন্তান। তাদের বাবা-মা উভয়েই ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার শ্রমিকদের বসবাসের জন্য টিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঝুপড়ি ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও তার ৩ বছর বয়সী ছোট ভাই আব্দুল মালেক বের হতে না পেরে ভেতরেই আটকা পড়ে। পরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম