বদলগাছীতে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড আনসার ক্যাম্প, আহত ২
নওগাঁর বদলগাছীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিশাল আমগাছ ভেঙে আনসার ক্যাম্পের ভবনের ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের একটি টিনশেড ভবন ধসে পড়ার পাশাপাশি দুই আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার (১৫ মার্চ) রাতে উপজেলা আনসার ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।
ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় ক্যাম্প প্রাঙ্গণে থাকা বহু বছরের পুরোনো একটি বিশাল আমগাছ উপড়ে সরাসরি টিনশেড ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনের ছাদ ও দেয়ালের একাংশ ধসে পড়ে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, পোশাক এবং মজুত রাখা প্রায় ১২ মণ চালসহ প্রয়োজনীয় সামগ্রী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় ভবনের ভেতরে কর্মরত অবস্থায় দুই আনসার সদস্য আহত হন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে।
আনসার সদস্য মিনহাজ বলেন, আমরা তখন ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমগাছটি আমাদের রুমের ওপর ভেঙে পড়লে দুই সহকর্মী আহত হন। আমাদের আসবাবপত্রসহ সবকিছু নষ্ট হয়ে গেছে।
এদিকে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।
ক্যাম্প ইনচার্জ কামাল হোসেন বলেন, আল্লাহর রহমতে বড় বিপদ থেকে বেঁচেছি। তবে আমাদের থাকার মতো মানসম্মত ভবন নেই। সরকারের কাছে আমাদের জোর দাবি, যেন দ্রুত একটি স্থায়ী আবাসিক ভবন নির্মাণ করে দেওয়া হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, পরিস্থিতি বেশ ভয়াবহ। আমরা আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, ঝড়ে আমগাছ ভেঙে আনসার ক্যাম্পে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)