গাছা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধন
গাজীপুর সিটি করপোরেশন এলাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে ‘গাছা খাল’ পুনর্খনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাছা খাল পুনর্খনন ও সৌন্দর্যবর্ধন কাজ।
এই প্রকল্প উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রকল্পটির মাধ্যমে খালের প্রাণ ফেরানোর পাশাপাশি দুই পাড়ে তৈরি হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের প্রাণ ফেরাতে ব্যয় ধরা হয়েছে আট কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় খালের পাঁচ কিলোমিটার পুনর্খনন এবং সাড়ে নয় কিলোমিটার এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। তবে কেবল খননই নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের দুই পাড়ে নির্মাণ করা হবে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ এবং করা হবে ব্যাপক বনায়ন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮০ দিনে ১০০০ কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে সরকার পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিটি খালপাড়ে তালগাছ রোপণ করা হবে। ভোটের কালি না শুকাতেই সরকার অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আইসিটি খাতকে উন্নত করতে সরকার ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি এটি পরিণত হবে একটি দর্শনীয় বিনোদন কেন্দ্রে।

নাসির আহমেদ, গাজীপুর