‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায়’ শিশুর গায়ে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মেয়ে শিশুর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তারকে (১০) দীর্ঘদিন ধরে একই এলাকার সিফাত শিকদার (১৫) কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাইসা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে রাইসা আক্তার একা রাস্তায় দিয়ে বাড়ি যারা যাওয়ার পথে বখাটে সিফাত শিকদার তার পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিফাত। এ সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিমউদ্দিন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
দায়িত্বরত চিকিৎসকরা রাইসার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় রাইসা আক্তার মারা যায়।
মৃত রাইসা আক্তারের বাবা নজরুল ইসলাম বলেন, আমার মেয়ের মতো অন্য কারও সন্তানের যেন এ রকম মৃত্যু না হয়। আমি বখাটে সিফাতকে গ্রেপ্তার এবং তার ফাঁসি দাবি করছি।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল হক বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল