ঈদে ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে : সড়কমন্ত্রী
সড়ক, রেলপথ, নৌপরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী ২-৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, তাতে আশা করি কোন ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে।
বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধনকালে মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন সড়কমন্ত্রী।
সড়কমন্ত্রী আরও বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো ২ লেনের রাস্তা। এটা স্বাভাবিক চলাচল প্রশ্নে অত্যন্ত সরু। এই মাহসড়ক আরো চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে।
সড়কমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।
গোনা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এই সেতুটির ফলে কেবল যে একটি এলাকার মানুষ উপকৃত হবে তাই নয়, বরিশালের সাথে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।
অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল