প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে
প্যারোলে মুক্তি পেয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ছেলে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় মুক্তি পাওয়ার পর সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেন একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)।
জানা গেছে, স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছেন। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।
গতকাল সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেওয়া হয়। পরবর্তী সময়ে হাতকড়া পরিহিত অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

রশিদ আল মুনান, পিরোজপুর