প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতিতে সংসদীয় কার্যাবলি পরিচালনার জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে কারা সংসদে দায়িত্ব পালন করবেন, তা সুনির্দিষ্ট করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত সংসদীয় দায়িত্বগুলো পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী ও তাঁদের বিকল্প হিসেবে নির্ধারিত ব্যক্তি—উভয়েই যদি কোনো কারণে সংসদে অনুপস্থিত থাকেন, তবে সেই ক্ষেত্রে সংসদীয় কার্যক্রম কীভাবে সম্পাদিত হবে তাও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর যুগপৎ অনুপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন। কোনো কারণে তিনিও অনুপস্থিত থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ অন্যান্য কাজ পরিচালনা করবেন।

নিজস্ব প্রতিবেদক