তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। সে হিসেবে বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) উদযাপিত হতে পারে ১৪৪৭ হিজরির ঈদুল ফিতর (চাঁদ দেখার উপর নির্ভরশিল)।
রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। ঈদের প্রধান জামাতে জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছাড়া এই জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও বিএনপির শীর্ষ নেতাদের বেশির ভাগই নিজনিজ সংসদীয় এলাকায় ঈদ উদ্যাপন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ আদায় শেষে ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে বিএনপির শীর্ষ নেতারা বেশির ভাগই নিজ সংসদীয় এলাকায় ঈদ করবেন। কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ঈদ করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। এসব নেতা পরে নিজ নির্বাচনি এলাকায় যাবেন।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজ নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির অপর সদস্য ড. আব্দুল মঈন খান নিজ এলাকায় নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন।
এদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের নিজ এলাকায় ঈদ করবেন।
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন। আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সীগঞ্জের নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। এছাড়া দলটির বেশির ভাগ নেতাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

নিজস্ব প্রতিবেদক