ফাঁকা ঢাকা, তবুও গাড়ির তেল নিয়ে বিড়ম্বনা
ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা। ফাঁকা ঢাকায় গাড়ির তেল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন রাজধানীবাসী। ঢাকার একাধিক তেলের পাম্প বন্ধ থাকায় দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
আজ রোববার (২২ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন তেল পাম্প ঘুরে অধিকাংশ পাম্প বন্ধ এবং খোলা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মতিঝিলের রহমান ফিলিং স্টেশন, করিম এন্ড সন্স, রাজারবাগ ফিলিং স্টেশন, রমনা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এছাড়া রাজধানীর মহাখালী ক্রিসেন্ট তেল পাম্প, গুলশান সার্ভিস স্টেশন, ইউরেকা এন্টারপ্রাইজ ও ট্রাস্ট ফুয়েল স্টেশন ঘুরে দেখা গেছে, একমাত্র ট্রাস্ট ফুয়েল স্টেশনেই তেল দেওয়া হচ্ছে। বাকিগুলো বন্ধ রয়েছে। এর মধ্যে ইউরেকা এন্টারপ্রাইজ তেল পাম্পে তেল দেওয়া না হলেও গ্যাস দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।
এদিকে বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহণের দীর্ঘ সারি দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার) লাইন গিয়ে পৌঁছেছে জাহাঙ্গীর গেট পর্যন্ত, আর মোটরসাইকেলের লাইন পেরিয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে থেকে যানবাহনে তেল নিতে দেখা যায়। অপরদিকে মহাখালীর ক্লিন পাম্পে তেল দিচ্ছে। তবে সেখানেও দীর্ঘ লাইন রয়েছে। এই পাম্পে বাইকে ৩০০ টাকার এবং গাড়িতে ১০ লিটার তেল দেওয়া হচ্ছে।
ক্লিন পাম্পের সামনে মোটরসাইকেল চালক রিপন মিয়া বলেন, ঢাকার কোথায় তেল নেই। ফাঁকা ঢাকায় তেল পাব বলে তাই তেল নেওয়ার জন্য বাসা থেকে বের হই। কিন্তু বের হয়ে হতাশ হয়ে যাই। অবশেষে ক্লিনে পাম্পে এলাম। এখানে অনেক লাইন ধরে অবশেষে ৩০০ টাকার তেল নিয়েছি। উনারা ৩০০ টাকার বেশি তেল দেন না।
ট্রাস্ট পাম্পের লাইনে থাকা নাবিল বলেন, এখানে তেল দেওয়া হচ্ছে। তবে লিমিট নেই। কিন্তু অনেক সিরিয়াল। গরমে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে।
আরেক মোটরসাইকেল চালক সুমন মিয়া বলেন, আজ তেল নিতে এসে দেখি অনেক বড় লাইন। সকাল থেকে দাঁড়িয়ে আছি। লাইন কমছে না। কখন তেল পাই জানি না। বাইকে যে তেল আছে বাসায় যেতে পারব না। তাই তেল নিতেই হবে।
রাজারবাগ পুলিশ লাইনের সামনের পাম্পের কর্মচারী না বলেই এনটিভি অনলাইনকে বলেন, এখানে রিকুয়েশন (সরকারি অনুমোদন গাড়ি) ছাড়া তেল দেওয়া হয় না। অনেক গাড়ি ও মোটরসাইকেল তেল নেওয়ার জন্য ফিরিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক