নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ইজিবাইক
নওগাঁর পোরশা উপজেলায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া একটি ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মো. রনি বাবু (২৭)। তারা উভয়েই নওগাঁর পত্নীতলা উপজেলার ভগীরতপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মো. রায়হান (৩৫) পোরশা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেল ৪টার দিকে পোরশা থানার শিশা বাজার এলাকা থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ইজিবাইকটি শিশা বাজার অতিক্রম করে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা, সাপাহার ও পত্নীতলা থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট জোরদার করা হয়। অভিযানের এক পর্যায়ে, ঘটনার কয়েক ঘণ্টা পর ২১ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শিশা বাজার এলাকায় ইজিবাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

আসাদুর রহমান জয়, নওগাঁ