নড়াইল রেল স্টেশনে আটক ২ চাঁদাবাজ কারাগারে
নড়াইল রেল স্টেশন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের টহল দল। আজ মঙ্গলবার (২৪ মার্চ) আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২২ মার্চ রাতে রেল স্টেশনের উত্তর পাশে গাড়ি পার্কিং এলাকা থেকে এই দুই চাঁদাবাজকে আটক করা হয়।
দুই চাঁদাবাজ হলেন সদরের কাগদী পাড়ার মো. জাকির হোসেন (৩০) এবং লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের শেখ রাশেদুল ইসলাম (৩৪)। এদের মধ্যে শেখ রাশেদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের একজন পরিচ্ছন্নকর্মী (সরকারি কর্মচারী) হিসেবে দায়িত্বরত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চটপটি বিক্রেতা সজল মল্লিকসহ অন্যান্য দোকানির কাছ থেকে গত ২১ মার্চ থেকে জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল এই চক্রটি। ২২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পুনরায় চাঁদা আদায় করতে গেলে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাদের হাতেনাতে আটক করে।
এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আউয়াল এবং পুলিশের এসআই সুকান্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জাকির হোসেনের কাছ থেকে তিন হাজার ৭০০ টাকা এবং রাশেদুল ইসলামের কাছ থেকে দুই হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন।
নড়াইল সদর থানায় গতকাল সোমবার (২৩ মার্চ) সজল মল্লিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। আজ আসামিদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এম. মুনীর চৌধুরী, নড়াইল