ফুলের মালা নয়, কাজের মাধ্যমে ভালোবাসা পেতে চাই : গাজীপুরের নতুন ডিসি
গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভুইয়া বলেছেন, আমি কোনো ফুলের মালা চাই না, আমি কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে চাই। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আমি এখানে সেবা করতে এসেছি। জেলার উন্নয়ন ও অগ্রগতি সাধন করাই আমার মূল লক্ষ্য।
আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নূরুল করিম ভুইয়া জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান টিটু, মো. মুজিবুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি রেজাউল বারী বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
ডিসি নূরুল করিম ভুইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য, আমি নিজে থেকে আসিনি। আমি কোনো তদবির করে যেহেতু আসিনি, তাই দয়া করে কেউ আমার কাছে কোনো বিষয়ে অবৈধ তদবির করবেন না। কোনো অযাচিত দেনদরবার করবেন না, এটা আমার অনুরোধ।
নতুন এ জেলা প্রশাসক আরও বলেন, আমাদের যেকোনো কাজ শুরুর আগে তিনটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। এরমধ্যে প্রথম কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে কি না, দ্বিতীয়টি অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হবে কি না এবং তৃতীয় পরিবেশের ক্ষেত্রে তা বিরূপ প্রতিক্রিয়ার কারণ হবে কি না।

নাসির আহমেদ, গাজীপুর