দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭ জনকে।
গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন শিশু, ১১ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।
ডুবে যাওয়া বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে এ পর্যন্ত ২৫ জনের মরদেহ নদী থেকে তোলা হয়েছে এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, যাত্রীবাহী বাসটি পন্টুনে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে ডুবে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

মো. কবির হোসেন, রাজবাড়ী