লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট- ভোগান্তি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নানোৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময়ের সাথে সাথে এই যানজট নারায়ণগঞ্জের সোনারগাঁও ছাড়িয়ে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, লাঙ্গলবন্দে দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব গতকাল ২৫ মার্চ শুরু হয়েছে, যা আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। উৎসবের প্রথম দিন পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে আজ সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজট প্রকট আকার ধারণ করে। লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার এক পাশ প্রায় বন্ধ থাকায় ঢাকাগামী লেনে দীর্ঘ স্থবিরতার সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক মিন্টু মিয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ৯টার দিকে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। রাস্তার এক পাশ বন্ধ থাকায় আমাদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
একইভাবে নোয়াখালী থেকে আসা প্রাইভেটকার চালক আজিজুল ইসলাম জানান, উৎসবের কারণে যানজট হতে পারে তা আগে জানা না থাকায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে তিনি আটকা পড়েছেন। কখন ঢাকা পৌঁছাতে পারবেন, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানবাহনের অতিরিক্ত চাপের প্রভাবেই গজারিয়া অংশে যানজট ছড়িয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ