বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কালাকচুয়া এলাকায় বাসচাপায় প্রাইভেটকারের যাত্রী একই পরিবারের চারজন জনসহ মোট পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারেরই অপর সদস্য। তার অবস্থাও আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, আজ সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহণের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চার যাত্রী মারা যায়।
ওসি আরও জানান, নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য এবং আহত অপর যাত্রীও ওই দম্পতির সন্তান। নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪৫), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। এ ছাড়া প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২) নিহত হয়েছেন। তার বাড়ি বরিশাল জেলায়।
দুর্ঘটনায় নিহত আব্দুল মমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মাহফুজ নান্টু, কুমিল্লা