প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার এলাকায় আজিজুলের নিজস্ব নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের বাসিন্দা। তিনি কাশিমপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ৫৪ ধারায় গ্রেপ্তার আজিজুল হককে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল হক নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও তথ্য শেয়ার করেছিলেন।
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল হক জামায়াতের একজন সক্রিয় কর্মী। শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। জামায়াতের নেতাকর্মীরা তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ