মানিকগঞ্জে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা সম্পন্ন
মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গামন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজা। লোকনাথ সেবা সংঘের আয়োজনে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব গতকাল শনিবার (২৮ মার্চ) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।
পাঁচ দিনব্যাপী এই আয়োজনে পূজা-অর্চনা, আরতি, ভক্তিমূলক সংগীত, কীর্তন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ ছিল মুখর। প্রতিদিন জেলা ও আশেপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে পূজামণ্ডপ এক মিলনমেলায় পরিণত হয়।
পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামী জানান, গত ১৩ বছর ধরে এই মন্দিরে নিয়মিতভাবে বাসন্তী পূজা হয়ে আসছে। এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে। বিশেষ করে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে বাসন্তী পূজা বা চৈত্র দুর্গা পূজা অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ। শাস্ত্র মতে, এটিই দেবী দুর্গার আদি পূজা। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে বসন্তকালে দেবী দুর্গার এই আরাধনা করা হয়। বসন্তের নবজাগরণ ও জীবনের পুনরুত্থানের বার্তা নিয়ে আসে এই উৎসব।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ