পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে আরাফাত তার চার বন্ধুর সঙ্গে পদ্মায় গোসল করতে নামে। নদীতে নামার পর প্রবল স্রোতের কবলে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ