যশোরের নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
মুরগির বিষ্ঠাযুক্ত ডিম খালি হাতে ভেঙে মেশানো হচ্ছে ময়দার খামিরে। রান্নাঘরজুড়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আগের দিনের পঁচা-বাসি ভাত পানি দিয়ে ধুয়ে টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। রুটি ও পরোটার খামিরে ব্যবহার করা হচ্ছে অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল। এমনকি রান্না করা খাবারও রাখা হয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে।
যশোরে গরুর মাংসের কালো ভুনার জন্য জনপ্রিয় নাজমা হোটেলে অভিযান পরিচালনা করতে গিয়ে এসব দৃশ্য দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের কর্মকর্তারা।
গতকাল রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের এমকে রোডের এই খাবারের হোটেলটিতে পরিদর্শন শেষে হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, জনপ্রিয় এ হোটেলে খাবার খাওয়ার জন্য সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। অথচ হোটেলটিতে খুবই অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করা হয়, খাবারে ক্ষতিকর কেমিকেল মেশানো হয়। এসব কারণে হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর