ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেলো ২০৭৬ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড
পিরোজপুরের মঠবাড়ীয়ায় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে শামীম হাসান খান নামে এক ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আমিরুল অয়েল সাপ্লাইয়ার্সের স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের সংকট দেখালেও নিজ বাড়িতে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী ওই বাসভবনে অভিযান চালায়।
অভিযানে শামীম হাসানের বাড়িতে একটি গোডাউন থেকে ২ লাখ ৫ হাজার ২৬৫ টাকা মূল্যের মোট ২০৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রোল, ২৬৩ লিটার কেরোসিন ও ১০ লিটার অকটেন।
অভিযান চলাকালীন স্থানীয় এক গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তেলের জন্য হন্যে হয়ে ঘুরেছি, কিন্তু দোকানদার তেল নেই বলে আমাদের ফিরিয়ে দিয়েছে। অথচ তিনি ঘরের ভেতর এত তেল লুকিয়ে রেখেছেন।
উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত শামীমের ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স কিংবা জেলা প্রশাসকের দেওয়া পরিবেশ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছিল না। কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তেল মজুত করার অপরাধ স্বীকার করায় তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার জানান, একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে মুনাফা লাভের চেষ্টা করছিল। অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এই দাহ্য পদার্থ মজুত করে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিলেন। জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রশিদ আল মুনান, পিরোজপুর