নেত্রকোনায় জ্বালানি সংকট চরমে, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
নেত্রকোনা জেলা সদরসহ প্রতিটি উপজেলায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। তেলের এই সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন ও পরিবহণ খাত। বিশেষ করে মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পেট্রোল ও অকটেন পাচ্ছেন না।
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পারলা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি। সেখানে শৃঙ্খলা রক্ষায় ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি থাকলেও তেলের সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় ভোগান্তি কমছে না। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও অনেক চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের সময় নষ্ট হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।
শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, জ্বালানি সরবরাহ না থাকায় কর্তৃপক্ষ পাম্প বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কয়েক জন মোটরবাইক চালক ক্ষোভ প্রকাশ করে জানান, একটি জরুরি কাজে যাওয়ার জন্য তিন-চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি তারা। মোনাকো ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম থাকায় তারা হিমশিম খাচ্ছেন এবং বাধ্য হয়ে অনেককে ফিরিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তদারকি করছে। কোনোভাবেই যাতে তেলের অপব্যবহার বা কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সরবরাহ স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

ভজন দাস, নেত্রকোনা