স্বামীর কাজের চাপ কমাতে পাম্পে তেল নিতে নারীরা
মাগুরায় জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের আশঙ্কায় পাম্পগুলোতে ভিড় বেড়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেন সংগ্রহে বিভিন্ন ফিলিং স্টেশনে মানুষকে লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেক নারীও বোতল ও ড্রাম নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে শহরের ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে এমন চিত্র দেখা যায়।
সদর উপজেলার কাটাখালি এলাকা থেকে আসা রোকসানা বেগম জানান, তার স্বামী কৃষি কাজ করেন। তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলে স্বামীর পুরো একটা দিন নষ্ট হয়ে যায়, তাই গৃহস্থালির কাজের পাশাপাশি তার স্বামীর কাজের চাপ কমাতে তিনি নিজেই লাইনে দাঁড়িয়ে তেল নিতে এসেছেন। তার মতো অনেক নারীকেই ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের অপেক্ষা করতে দেখা গেছে।
নাহার পাম্পের মালিক সৈয়দ নুরুল হাফিজ রুবেল জানান, মাগুরায় মোট ১৪টি পেট্রোল পাম্প থাকলেও সাধারণত পাম্পে কৃষকদের এমন ভিড় দেখা যায় না। আগে কৃষকরা স্থানীয় এজেন্টের মাধ্যমে খুচরা তেল ক্রয় করতেন। বর্তমানে সরাসরি পাম্পে চাপ বাড়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের আরও তদারকি প্রয়োজন।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ জানান, জেলায় জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। মূলত বহিঃবিশ্বে চলমান যুদ্ধের কারণে তেলের সংকট হতে পারে- এমন গুজব বা আশঙ্কা থেকেই যানবাহন চালক ও কৃষকদের মধ্যে হুরোহুরি পড়ে গেছে। এই অতি ব্যস্ততাই দীর্ঘ লাইনের মূল কারণ।
আব্দুল আল মাহামুদ আরও জানান, প্রতিটি পাম্পে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করতে জেলা ম্যাজিস্ট্রেট মনিটরিং করছেন। পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা