চট্টগ্রামে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে মো. আরমান (২৬) নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াঁকো বাজারের ‘পল্লী ডায়াগনস্টিক সেন্টার’-এ এই ঘটনা ঘটে।
নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার ছেলে। তিনি হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।
ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা জানান, সকালে অফিস খোলার পর একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে হেয়াঁকো জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মীবালা নম বলেন, সকালে রুমটি ভেতর থেকে বন্ধ থাকায় আমরা সন্দেহ করি। পরে লোক ডেকে তালা ভেঙে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করি।
হেয়াঁকো জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুহানী জানান, রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্যজন অর্থাৎ আরমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন খাঁন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)