সংসদ সদস্য বললেন, ‘আপনি নির্দয় মানুষ’, হাসলেন স্পিকার
‘‘আপনি নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এতো ভয় পাইনি কোথাও, এখন আপনার সামনে দাঁড়ালে যে ভয় লাগে! কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না।’’ জাতীয় সংসদে নিছক মজার ছলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
আজ রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপত্বিতে চলা অধিবেশনের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) গৃহীত নোটিস পড়ার সময় মনিরুল হক এসব কথা বলেন।
এর আগে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী সড়কের সংযোগস্থলে অবৈধ স্থাপনার ইস্যুতে কথা বলতে থাকেন। এ সময় মনিরুল হক নোটিশের বাইরে কথা বলতে গেলে স্পিকার তাকে থামিয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি আগেও নির্বাচিত হয়েছিলেন। এ পর্যায়ে আপনি শুধু নোটিশটা পড়বেন।’
স্পিকারের এমন কথার পর পরই তিনি বলেন, ‘‘আপনি নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এতো ভয় পাইনি কোথাও, এখন আপনার সামনে দাঁড়ালে যে ভয় লাগে! কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না।’’ মো. মনিরুল হক চৌধুরীর এসব কথা শুনে হেসে উঠেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সঙ্গে সঙ্গে সংসদেও হাসির রোল ওঠে।

নিজস্ব প্রতিবেদক