তেল না পেয়ে চালকদের সড়ক অবরোধ
জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে দুই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সারাদেশের মতো জামালপুরের ৭টি উপজেলার ১৭টি পাম্পে বর্তমানে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও কৃষকরা এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) ভোর থেকেই ইসলামপুর উপজেলার ‘ঝর্ণা ফিলিং স্টেশনে’ কয়েকশ মোটরসাইকেল চালক পেট্রোল ও অকটেনের জন্য ভিড় করেন।
সকাল ৬টার দিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অপেক্ষমান চালকদের জানায়, এখনও তেলের লরি আসেনি। এই খবরে উপস্থিত চালকরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে রাস্তার উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৮টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, পাম্পে তেল নেই- এমন খবরে কিছু মোটরসাইকেল চালক সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর