নাটোরে আকস্মিক কালবৈশাখী ঝড়, ফসলের ক্ষতির শঙ্কা
নাটোরে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় প্রচণ্ড ঝড় ও বজ্রাঘাত। এর পরপরই নাটোরের বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি।
স্থানীয় সূত্রগুলো জানায়, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির আঘাতে ভুট্টা, বোরো ধান, আম ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।
সিংড়া উপজেলার চলনবিলের রামানন্দ-খাজুরা, ইটালী, চৌগাম, জোড়মল্লিকা, তেলিগ্রাম ও খরমকুড়ি এলাকায় ভুট্টার জমি লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক স্থানে বোরো ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আম ও কলার বাগান শিলাবৃষ্টির কবলে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
নাটোর কৃষি বিভাগের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান জানিয়েছেন, আকস্মিক এই দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

হালিম খান, নাটোর