বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত
বেনাপোল স্থলবন্দরে মালবাহী ট্রাক থেকে লোহার প্লেনশিট নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় সোহেল হোসেন নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে বন্দরের টিটিআই মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে। আহত সোহেল হোসেন একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুজনেই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিক সূত্রে জানা গেছে, রাতে বন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাক থেকে লোহার ভারী প্লেনশিট আনলোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে যায়। ফলে ভারী লোহার শিটগুলো নিচে কাজ করা দুই শ্রমিকের ওপর পড়লে তারা চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান জানান, শাহজাহান আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ জানান, রাতে মালামাল সরানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

মহসিন মিলন, বেনাপোল