শুক্রবারও বসছে সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী শুক্রবারও (১০ এপ্রিল) বসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
আজ বুধবার (৮ এপ্রিল) চিফ হুইপ বলেন, শুক্রবারেও সংসদ অধিবেশন বসবে। আগামী ১০ এপ্রিলের মধ্যেই ১৩৩টি অধ্যাদেশের সুরাহা হবে।
সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নূরুল ইসলাম বলেন, যারা টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছিল, তারা নিজেরা কাজ না করে অন্য পক্ষকে দিয়ে কাজ করিয়েছে।
চিফ হুইপ আরও বলেন, সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে যে ধরনের অনিয়ম হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত এবং যারা মূল ঠিকাদার হয়েও অন্যদের দিয়ে নিম্নমানের কাজ করিয়েছে, তাদের প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জরুরি গুরুত্বপূর্ণ বিলগুলো পাসের লক্ষ্যেই এই বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক