সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আসামির আয়কর নথি জব্দের জন্য আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পাঁচ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অবৈধ উপায়ে অর্জন ও স্থানান্তরের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অপরাধলব্ধ অর্থের উৎস নিশ্চিত হতে আসাদুজ্জামান নূরের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

শুভ্র সিনহা রায়