বিসিবিতে কোনো ‘বাপের দোয়া, মায়ের দোয়া’ কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে। বর্তমান গণতান্ত্রিক সরকারের ক্রীড়ামন্ত্রী ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।
এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক