জ্বালানি ও ভোজ্যতেল মজুতের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
জ্বালানি ও ভোজ্যতেল মজুতের দায়ে মোংলায় তিন ব্যবসায়ীকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, অবৈধভাবে জ্বালানি তেল (পেট্রল, অকটেন) মজুত করায় সি লিংক ইন্টারনালের মালিক জাহাজ ব্যবসায়ী মো. ইউসুফ আলীকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোজ্যতেল (সয়াবিন, পাম অয়েল) মজুতের দায়ে মেসার্স জালাল স্টোরের মালিক মো. মনিরুজ্জামানকে ৫০ হাজার আর মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথমদিনে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। যাতে কেউ আর অবৈধ মজুত না করেন। অবৈধ মজুত রোধে এক সপ্তাহ পর আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
এ অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-০৬ খুলনার অপস অফিসার সৈয়দ ফজলুর রহমান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা প্রমুখ।

আবু হোসাইন সুমন, মোংলা