এভারকেয়ারে ভর্তি ত্রাণমন্ত্রী দুলু
রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
জানা গেছে, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নেমে রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক