মেহেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলী ও গাংনী উপজেলা আমির ডাক্তার রবিউল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, গাংনী পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম এবং এনসিপি জেলা যুগ্ম সম্পাদক আরিফ খানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে তারা সতর্ক করেন। বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর