জানালার গ্রিল কেটে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির জানালার গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতদল বাড়িটি থেকে নগদ টাকা ও বিপুল স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরের দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা সরাসরি বাড়ির মালিক হুমায়ুন কবিরের রুমে ঢুকে পড়ে এবং পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর সকলের চোখ ও হাত বেঁধে রেখে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে বলে দাবি করছে পরিবারটি।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি খুব দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)