পিরোজপুরে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার এবং লাইসেন্স না থাকায় এ দণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত ছয়টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় কে বি আই, এন বি আই ও আলামিন ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেক মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিল।
ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যারা আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রশিদ আল মুনান, পিরোজপুর