ভ্যানচালক মিঠু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩) হত্যা মামলার প্রধান আসামি মো. রিফাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রিফাত হোসেনের বাড়ি উপজেলার পাত্রাবাড়ী গ্রামে। পুলিশ জানিয়েছে, ভ্যানচালক মিঠুর সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে ভ্যানচালক মিঠু হোসেন (৪৩)। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা করা হয়।
এরপর জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়। ঘটনার পাঁচ দিন পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানার কুড়গাঁ এলাকা থেকে আসামি রিফাত হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হোসেন পুলিশকে বলেছেন, ঘটনার রাতে তিনি মিঠুর ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনের সিটে বসে ছিলেন। পূর্ব শত্রুতার জেরে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত ভ্যানচালক মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এলাকা থেকে পালিয়ে যান।
হত্যার পর প্রথমে নওগাঁ থেকে রাজশাহী হয়ে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন রিফাত।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার পাঁচ দিন পর ভ্যানচালক মিঠু হত্যার রহস্য উদঘাটন হলো। রিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)