৫ ব্যারেল ডিজেল জব্দ, ইউপি সদস্যকে জেল-জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুত করায় এক ইউনয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
অভিযানকালে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের বাসিন্দা শাহিনুর ইসলামের বাড়িতে পাঁচ ব্যারেল (প্রায় এক হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। তিনি মোমিনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। আমিরপুর স্কুল সংলগ্ন এলাকায় তার দোকান ও গুদাম রয়েছে। তিনি তেল, সার ও মুদি ব্যবসার সঙ্গে জড়িত।
ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে শাহিনুর ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় এক লাখ টাকা মূল্যের ডিজেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কিছু ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং হামলার উদ্দেশে এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান পরিচালনাকালে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)