পরীক্ষা দিতে গেল মেয়ে, কলেজে বাবা; সেই সুযোগে শিক্ষকের বাসায় ১০ ভরি স্বর্ণ লুট!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদি এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ওই এলাকার একটি ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সপরিবারে মতলব পৌরসভার পশু হাসপাতাল মোড় এলাকায় বসবাস করেন।
সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে তিনি কলেজে এবং তার বড় মেয়ে অর্পিতা দাস চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে চলে যান। তার স্ত্রী পারিবারিক কাজে আগে থেকেই ঢাকায় অবস্থান করছিলেন। ফাঁকা বাসার সুযোগ নিয়ে চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়্যারড্রবের ড্রয়ার ভেঙে নগদ এক লাখ ৩৫ হাজার টাকা এবং অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষক বলেন, ‘আমার জীবনের সব উপার্জিত আয় শেষ। চোরেরা আমাদের নিঃস্ব করে দিয়ে গেছে।’ তাঁর মেয়ে অর্পিতা বলেন, ‘পরীক্ষা দিয়ে বাসায় ফিরে দেখি সব তছনছ। মা-বাবার সব সঞ্চয় চোরেরা নিয়ে গেছে।’
সুব্রত দাসের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। দীর্ঘ দিন ধরে মতলবে বসবাস করা এই শিক্ষকের বাসায় চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর