দশমিনায় বিনামূল্যে চোখের চিকিৎসা নিলেন ৬ শতাধিক মানুষ
পটুয়াখালীর দশমিনায় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংস্থা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এই মহতী উদ্যোগ নেয়।
ক্যাম্পে মোট ৬১৮ জন রোগীকে বিনামূল্যে চোখের সেবা দেওয়া হয়। এর মধ্যে ৭২ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে এবং ৩২৪ জনকে চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ৩০৫ জনকে চশমা প্রদান করা হয়েছে এবং বাকিদের আগামী ২৭ এপ্রিল আরএসসি কালাইয়া অফিস থেকে চশমা দেওয়া হবে। এছাড়া ৩৮৪ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের আগামীকাল ১৮ এপ্রিল বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আরজবাগী এলাকার আলেহা বেগম (৬৪) কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চোখে কম দেখি আর পানি পড়ে। এখানে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ আর চশমা পেয়েছি।
আউলিয়াপুর গ্রামের বৃদ্ধ আনোয়ার গাজী বলেন, চোখে ছানি পড়েছে। ডাক্তাররা বলছে বরিশালে নিয়ে ফ্রিতে অপারেশন করিয়ে দিবে, কোনো টাকা লাগবো না।
২০০৭ সাল থেকে দেশজুড়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে ডিসিআই ও আরএসসি। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট।
ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, আর্থিক সংকটের কারণে যারা চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের দৃষ্টি ফিরিয়ে দিয়ে নতুন আশার সঞ্চার করাই আমাদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই অঙ্গীকার আমাদের সব সময় থাকবে।

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)