চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমাদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে। প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে নিহিত। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা হলরুমে আয়োজিত জুনিয়র, দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি দেবিদ্বার উপজেলা ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে অবহিতকরণ, মানোন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত নাগরিক সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে গিয়ে ঝরে পড়ে। তাই শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)