বিগত সরকার কোষাগারে কোনো টাকা রেখে যায়নি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় এ সরকার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা এলাকায় লিটন অ্যাঞ্জেলস সেমিনারিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে এবং সবচেয়ে বেশি কার্যকর ওষুধ হলো মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এ সময় তিনি আগামী বাজেটে ৫০ শয্যাবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। আজ রূপগঞ্জে ৩৮২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানুয়েলি এবরিয়ুক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ জেলায় এবার ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পুরো জেলায় ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। এর মধ্যে সিটি করপোরেশন ছাড়া পুরো জেলা জুড়ে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন শিশু রয়েছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ