পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে নারীর মৃত্যু
নড়াইলে ফিলিং স্টেশনে ডিজেল সংগ্রহ করতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাছিমদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লাভলী বেগম সকালে ডিজেল কেনার জন্য শহরের মাছিমদিয়া এলাকায় অবস্থিত সরদার ফিলিং স্টেশনে যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এবং প্রচণ্ড গরমের মধ্যে ৩ লিটার ডিজেল সংগ্রহ করেন। ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল