অক্ষয় তৃতীয়া উপলক্ষে গঙ্গা স্নানে পুণ্যার্থীরা
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে নেত্রকোনার ঠাকুরাকোনা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিণত হয়েছে।
প্রতি বছরের ন্যায় আজ সোমবার ৬ বৈশাখ-১৪৩৩ (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে দিনব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোনা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তদের আগমন ঘটে।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা সমাপনে অক্ষয় তৃতীয়া মহাপুণ্য গঙ্গা স্নান, বিসর্জন, পীণ্ডদান, গীতাপাঠ, ভাগবতপাঠ, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তদের মধ্যে।
এ ছাড়া অক্ষয় তৃতীয়ায় মহাপুণ্য গঙ্গা স্নান উপলক্ষে উৎসব অঙ্গন এবং আশপাশের এলাকায় খই-মুড়ি, মুড়কি, বাতাশা, খেলনা, মাটির হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন রকমের পসরা সাজিয়ে শতাধিক দোকান বসে মেলায় পরিণত হয় পুরো এলাকা। এ সময় নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সের ভক্তদের কোলাহলে মুখরিত হয়ে উঠে।
অক্ষয় তৃতীয়ায় মহাপুণ্য গঙ্গা স্নান উদযাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র সরকার ও পরিমল চন্দ্র দাস লিটন জানান, ঠাকুরাকোনা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে জেলার বিভিন্ন উপজেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তদের আগমন ঘটে কিন্তু উৎসব অঙ্গনের রাস্তা এবং নদীতে স্নানের পাঁকাঘাট না থাকায় পুণ্যার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।
কমিটির কোষাধ্যক্ষ সুখন চন্দ্র সরকার বলেন, আগত হাজার হাজার ভক্তদের মধ্যে সকাল থেকেই আমরা প্রসাদ বিতরণ এবং পানীয় জলের ব্যবস্থা করে থাকি।

ভজন দাস, নেত্রকোনা