পোলট্রি ফার্মে বিষ দিয়ে ৩ হাজার মুরগি মারার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে একটি পোলট্রি ফার্মে তিন হাজার বয়লার মুরগির মৃত্যু হয়েছে। প্রতিবেশীর দেওয়া বিষে এসব মুরগি মারা যায় বলে অভিযোগ করেছেন ফার্মের মালিক আবু সাঈদ।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
পোলট্রি ফার্মের মালিক আবু সাঈদ অভিযোগ করে বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগি করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে সাত হাজার মুরগি পালন করা হচ্ছিল। কিন্তু আজ সকালে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে বিষ প্রয়োগ করে। এতে খামারে থাকা তিন হাজার মুরগির মৃত্য হয়।
এতে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফার্মের মালিক আবু সাঈদ।
আবু সাঈদ আরও বলেন, প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তারা কী কারণে আমার এই ক্ষতি করল আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে তোফাজ্জল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, পোলট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগি মারার বিষয়টি শুনেছি। তবে এখন অবধি কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)