উপপরিচালকের ওপর হামলা, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহত চিকিৎসককে দেখতে হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেন্ডারসহ সংশ্লিষ্ট যেকোনো বিষয় খতিয়ে দেখে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ক্যানসার হাসপাতালের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপপরিচালক ডা. আহমেদ হোসেন (৫০) অফিস শেষে বাসায় ফেরার পথে মহাখালীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে হামলার শিকার হন। অজ্ঞাতনামা দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বনানী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অফিস শেষে ফেরার পথে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের ওপর এমন বর্বরোচিত হামলায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক