এলপিজির দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান এমপি আখতারের
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এলপিজি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের ৭১ বিধিতে দাঁড়িয়ে জনগুরুত্বপূর্ণ এই দাবি উত্থাপন করেন তিনি।
আখতার হোসেন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট থাকলেও দেশে কৃত্রিম উপায়ে সংকট তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপগুলো এখনো অস্পষ্ট। হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোয় রান্নাবান্নার কাজ থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশীয় অসাধু চক্রের মজুতদারি ও প্রশাসনের শিথিলতাকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আখতার হোসেন।
এমপি আখতার হোসেন বলেন, সরকার বলেছিল দাম বাড়বে না, কিন্তু শেষ পর্যন্ত মাত্রাতিরিক্ত দাম বাড়ানো হয়েছে। জনজীবনে নেতিবাচক প্রভাব দূর করতে এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম কমিয়ে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করেন।

নিজস্ব প্রতিবেদক